সিলেট নিউজ বিডি ডেস্ক: দেশের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আলাদা বেতন কাঠামো প্রণয়নের বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতোমধ্যে সরকার আর্থিক সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে শিক্ষকদের। মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার জন্য দেশে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনে বিশেষ নজর দেয়া হয়েছে।
তিনি বলেন, গাজীপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদে আইন পাস হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্তমানে শতকরা ১০০ ভাগ বেতন পাচ্ছেন।
বেসরকারি কলেজ ও স্কুলের শিক্ষকদের মতো মাদরাসা শিক্ষকদের বেতন, স্কেল ও মর্যাদা সমতাকরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্কুল-কলেজ এমপিওভুক্তকরণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত শিক্ষার গুণগত মানোন্নয়নে সারাদেশের এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বাকি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ইতোমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, প্রত্যেক সংসদ সদস্যের কাছ থেকে নেয়া ২০টি করে মাধ্যমিক বিদ্যালয় ভবনের সম্প্রসারণের লক্ষ্যে ১০ হাজার ৬৯৪ কোটি ব্যয়ে প্রকল্পভুক্ত তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হবে।
এই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে প্রশাসনিক অনুমোদন জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন।
Sylhetnewsbd Online News Paper