সিলেট নিউজ বিডি ডেস্ক: মাঠে নামার আগে ‘সুইডেন জুজু’ হয়তো ভুলেই নেমেছিল ইংল্যান্ড। তা না হয় কিভাবে এতটা ভালো খেলে দলটি? তাও ২-০ ব্যবধানে জিতে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।
মজার ব্যাপার হলো, বিশ্বকাপের মূলপর্ব ও বাছাইপর্ব মিলিয়ে সুইডেনকে কখনোই হারাতে পারেনি ইংল্যান্ড। তবে এসব হিসাব-নিকাশকে মিথ্যা প্রমাণ করে সুইডেনের বিপক্ষে জিতে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। ইংলিশদের এই জয় এনে দিয়েছেন দুই তরুণ হ্যারি ম্যাগুয়ার ও ডেলে আলি। প্রথমজনের বয়স ২৫ বছর ও দ্বিতীয়জনের মাত্র ২২।
বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে সুইডেন এত দিন ছিল বড় এক ধাঁধার নাম! সব মিলিয়ে ইংল্যান্ড ও সুইডেনের মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়ে সমতা থাকলেও, বিশ্বকাপে হিসেব টা অন্যরকম। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে যে কখনোই সুইডেনকে হারাতে পারেনি ইংল্যান্ড। অবশ্য বিশ্বকাপে মাত্র দুবারই মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্বকাপ বাছাইপর্ব? সেখানেও সমতা, দুই ম্যাচের একটিতেও একে অন্যের জালে বল ঢোকাতে পারেনি ইংল্যান্ড ও সুইডেন। কিন্তু আজ থেকে কথাটি বদলে গেল। বিশ্বকাপে সুইডেনকেও হারাতে পারে ইংল্যান্ড।
স্কোর লাইনের ২-০ দেখলে মনে হতে পারে ম্যাচটা একপেশে হয়েছে। আসলে কিন্তু তা নয়। বল দখলের লড়াই ও আক্রমণে হ্যারি কেইনের দল এগিয়ে থাকলেও, প্রতি আক্রমণ থেকে বারবার ইংলিশদের পরীক্ষা নিয়েছে সুইডিশরা। মূলত পরাজিত দলের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। গোল খাব না, এই দৃঢ় বিশ্বাস নিয়েই যেন মাঠে নেমেছিলেন ইংলিশরা।
Sylhetnewsbd Online News Paper