সিলেট নিউজ বিডি ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতারের আগের দিন ছাত্রলীগ গুম করে ফেলার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেছেন রাশেদের বাবা নবাই বিশ্বাস।
শনিবার বিকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্রাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাশেদের বাবা নবাই বিশ্বাস।
তিনি বলেন, তার ছেলেকে গ্রেফতারের ঠিক আগের দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ফোন করে তার পরিবারকে গুম করার হুমকি দিয়েছিল। সেদিন দুপুরে ছাত্রলীগের সভাপতি আমাকে ফোন করে বলেন যে আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তান কুলাঙ্গার। আপনার ছেলেকে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন, তা না হলে আপনার পুরো পরিবার ধ্বংস করে দেয়া হবে, গুম করে দেয়া হবে।
রাশেদের বাবা দাবি করেন, তার ছেলেকে গ্রেফতারের আগে তাকে ফোন করে সোহাগ গালিগালাজ করেন। এর ঠিক বিশ মিনিট পরে ১০ টা মোটর সাইকেলে দুইজন তিনজন করে লোক আমার বাড়িতে এসে আমার কাঁধে হাত দিয়ে বলেছে যে, আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসেন। তা না হলে আপনার এই ঘার থাকবে না, মাথা থাকবে না। আমার স্ত্রী-কন্যাকেও তারা অপমান করেছে।
সংবাদ সম্মেলনে রাশেদের বাবা আরও বলেন, আমরা ছেলের খোঁজে শাহবাগ থানায় গেলে আমাদের দেখে তারা হাসেন। আমরা এখন পর্যন্ত রাশেদের সঙ্গে দেখা করতে পারি নাই। কোথায় আছে, কী অবস্থায় আছে, আমরা কিছুই জানি না। অনেকেই বলে, নাকি আমি জামায়াত-শিবিরের লোক, আমি নাকি রাজাকার।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ৬ মাস। আমি একজন সাধারণ দিনমজুর, কাজ করে খাই। আমার এবং আমার পরিবারের কোনও নিরাপত্তা নাই, আমরা নিরাপত্তা চাই।
Sylhetnewsbd Online News Paper