সংবিধানের সপ্তদশ সংশোধন বিল পাস

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আরও ২৫ বছর বহাল রাখতে সংবিধানের সপ্তদশ সংশোধন বিল পাস হয়েছে। রোববার ০৮ জুলাই বিকালে জাতীয় সংসদে বিলটি পাশের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এর আগে বিকাল ৩টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিধি আরও ২৫ বছর বাড়িয়ে গত ১০ এপ্রিল সংসদে ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮’ সংসদে উত্থাপন করা হয়। গত ৬ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিলটি পাসের সুপারিশ করে রিপোর্ট উত্থাপন করেন।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ করা হলেও ওই সময় মেয়াদ বাড়ানো হয়নি।

উল্লেখ্য, বর্তমানে ৩৫০ সদস্যবিশিষ্ট সংসদের ৩০০ জন সরাসরি ভোটে নির্বাচিত। বাকি ৫০ জন সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের আসনসংখ্যার অনুপাতে নারী সংসদ সদস্য মনোনীত করে থাকে।