সিলেট নিউজ বিডি ডেস্ক: থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধার করা হয়েছে। গুহা থেকে কিশোরদের উদ্ধারে চূড়ান্ত অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার পাঁচজনকে উদ্ধার করা হয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই উদ্ধার অভিযানে সবার শেষে বের করে আনা হয় ২৫ বছর বয়সী কোচকে। এর আগে রোববার এবং সোমবার আটজনকে উদ্ধার করে আনে ডুবরিরা।
গুহার ভেতর আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রোববার থেকে দেশ-বিদেশির প্রায় ৯০ জন উদ্ধারকারী অভিযান শুরু করে। অভিযানের প্রথমদিন রোববার চারজন কিশোরকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা। গতকাল সোমবারও চারজনকে বের করে আনা হয়। আর মঙ্গলবার তৃতীয়দিনে বাকি ফুটবলারসহ কোচকে বের করে আনার মাধ্যমে শেষ হলো রুদ্ধশ্বাস এক অভিযানের।
এদিকে গুহা থেকে সকলকে বের করে আনার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা থাইল্যান্ডবাসী।
উল্লেখ্য, গেলো ২৩ জুন ১২ ফুটবলার ও তাদের কোচ ওই গুহায় প্রবেশ করার পর ভারী বর্ষণের কারণে আর বের হতে পারেনি। গুহায় আটকা কিশোরদের বয়স ১১ থেকে ১৬ বছর। দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার সংকীর্ণ ও উঁচু-নিচু জলমগ্ন পথ পাড়ি দিয়ে কিশোরদের উদ্ধারে রোববার অভিযান শুরু হয়।
প্রথম দিকে থাই কর্তৃপক্ষ জানায়, গুহায় বন্যার পানি ঢুকে পড়ায় ও বর্ষা মৌসুমে বর্ষণের কারণে তাদের এখনই উদ্ধার করা সম্ভব হবে না। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি পর্যন্ত তাদের উদ্ধারের জন্য অপেক্ষা করতে হবে।
কিন্তু রোববার নাটকীয়ভাবে বন্যার পানি কিছুটা কমে যাওয়ায় এবং বর্ষণ বন্ধ হয়ে যাওয়ার পর চূড়ান্ত উদ্ধার অভিযান শুরু হয়।
Sylhetnewsbd Online News Paper