সিলেট নিউজ বিডি ডেস্ক: আলোচনার মাধ্যমে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়। এজন্য মানুষকে নিরাপদে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা পথ বের করি, যে পথে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু সরকার সে পথে নেই। ভিন্নমত পোষণকারীদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। মাদকবিরোধী অভিযানের নামে সরকার প্রতিদিন মানুষ হত্যা করছে।’
সোমবার দুপুরে শহরের একটি কমিউিনিটি সেন্টারে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের বাহিরের কোনো শক্তি দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, সরকার বিরোধী জাতীয় ঐক্য খুব শিগগিরই জাতির সামনে হাজির হবে। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে ফখরুল অবিলম্বে গ্রেফতার হওয়া ছাত্র-শিক্ষকদের মুক্তি দাবি করেন।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন ও সহ-সভাপতি শাহেদ কামাল চৌধুরী ডালিম প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper