জাতীয় সংসদ নির্বাচনে ৪০ হাজার ভোটকেন্দ্র চূড়ান্ত

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ৫ আগস্টের মধ্যে নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সহকারী সচিব রওশন আরা বেগমের সই করা এই চিঠি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে প্রস্তাবিত কেন্দ্র সম্পর্কে কারও কোনো অভিযোগ-আপত্তি বা দাবি থাকলে তা ৬ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

চিঠিতে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা হবে ৪০ হাজার। এর মধ্যে সমতলে ৩৯ হাজার ৩৮৭টি এবং পার্বত্য এলাকায় ৬১৩ টি।

ভোটকেন্দ্রের নীতিমালায় বলা হয়েছে, গড়ে ২ হাজার ৫০০ ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং গড়ে ৬০০ পুরুষ ভোটারের জন্য ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোট কক্ষ নির্ধারণ করতে হবে। বর্তমানে দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এই হিসেবে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।