সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগ বা বিএনপির বাইরে জাতীয় ঐক্য গড়তে চায় কৃষক শ্রমিক জনতা লীগ।
শুক্রবার ২০ জুলাই দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তবে সেই ঐক্যে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও তিনি জানান।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একিএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনী ঐক্য গড়ার কথা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এটা ফ্রন্ট হোক বা জোট হোক, তার প্রধান হবে বি চৌধুরী। নির্বাচনের পর সরকার গঠন করলে সরকার প্রধান হবেন ড. কামাল হোসেন।
তবে আমি আজকেও বলতে পারছি না, কৃষক শ্রমিক জনতা লীগ যুক্তফ্রন্টে আছে নাকি যুক্তফ্রন্টে নেই। যুক্তফ্রন্ট ঘরে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত এটা কোনো প্রেস কনফারেন্স করে জাতির সামনে উপস্থাপন করা হয়নি। অথবা আমরা যে বৃহৎ সভা করে জাতির সামনে উপস্থিত হই, তাও করা হয়নি। এবং যুক্তফ্রন্টের যে কার্যক্রম এখন পর্যন্ত সেটা প্রস্তাবিত কার্যক্রম।
আমাদের লক্ষ্য সরকার এবং বিএনপির সমদূরত্বে থেকে কাঙ্খিত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।
বিএনপি ক্ষমতায় এলে যদি রক্তের গঙ্গা বয়ে যায়, তার প্রতিকার কী-আমাদের ভেবে দেখতে হবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের সিদ্দিকী বলেন, আমার তো মনে হয় না যে এটার প্রতিকার আওয়ামী লীগ বা বিএনপির হাতে আছে।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কৃষক শ্রমিক জনতা লীগের লিখিত বক্তব্য তুলে ধরেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
লিখিত বক্তব্যে, সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে দেশের রাজনৈতিক সংকট কাটাতে সরকারি প্রভাবমুক্ত নির্বাচনের উপায় নির্ধারণে জাতীয় সংলাপের আয়োজন, নির্বাচন কমিশন সংস্কার এবং জাতীয় নির্বাচনে কর্তৃত্বসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়।
Sylhetnewsbd Online News Paper