অভিষেকেই বাজিমাত শ্রীদেবী কন্যা জাহ্নুবী কাপুর

সিলেট নিউজ বিডি ডেস্ক: অভিষেক ছবিতেই বাজিমাত করলেন প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নুবী কাপুর। নিজের প্রথম ছবিতেই ৬০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে যেমন তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ছবির আয়েও কাঁপালেন বক্স অফিস। মুক্তির তিন দিনেই জাহ্নবী কাপুর ও ঈশান খট্ররের অভিনীত সিনেমাটি ৩৩ কোটি রুপি আয় করেছে। অভিষেক জুটি হিসেবে যেটি সর্বোচ্চ আয়ের রেকর্ড।

শুধু তাই নয় উদ্বোধনী দিনের আয়ের দিক থেকেও রেকর্ড গড়েছে সিনেমাটি। ২০১২ সালে বরুন ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের অভিষেক ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ উদ্বোধনী দিনে আয় করেছিল ৭ কোটি ৫ লাখ রুপি।

আর জাহ্নবী ও ঈশানের ‘ধড়ক’ উদ্বোধনী দিনে ৮ কোটি ৭১ লাখ রুপি আয় করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। সেই সঙ্গে ছবিটি ২০১৮ সালে সর্বোচ্চ উদ্বোধনী আয়ে ৮ম স্থান অধিকার করে নিয়েছে।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এমন তথ্য জানিয়েছেন। এছাড়া বিদেশেও ভালো করছে ‘ধড়ক’। বিদেশের বাজারে দুই দিনে ৫ কোটি ৯০ লাখ রুপি ঘরে তুলেছে ছবিটি। তবে সপ্তাহ শেষে ছবিটির আয় ৬০ কোটি ছাড়াবে বলে ধারণা করছেন বক্স অফিস সংশ্লিষ্টরা।