১৫ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সিলেট নিউজ বিডি ডেস্ক: এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আসরটি। এশিয়া কাপের গত আসরটি অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

তবে এবারের আসরটি অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। গ্রুপ পর্বে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। বাংলাদেশ দল বি গ্রুপের হয়ে খেলবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠবে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টের। ১৩ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বর।

এবারের আসর আয়োজন করার কথা ছিলো ভারতের। তবে ভারত আসর আয়োজন করতে অপারগতা প্রকাশ করায় আরব আমিরাতে হবে এশিয়া কাপের ১৪তম আসরটি।

ছয় দলের এই টুর্নামেন্টের পাঁচ দল এরিমধ্যে নিশ্চিত হয়েছে গেছে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান ও পাকিস্তান। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে মূল আসর শুরুর আগে হওয়া বাছাইপর্ব থেকে।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা দল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ওই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল খেলবে সুপার ফোরে। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ। শীর্ষ দুই দলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচী:
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা, দুবাই
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান, আবুধাবি
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল, দুবাই
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি