স্বর্ণ কারসাজি ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ কারসাজি নিয়ে শুল্ক গোয়েন্দাদের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর অবশেষে ৬ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এই কমিটিকে দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ব্যাংকের নির্বাহী পরিচালক এএনএম আবুল কাসেমকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া ৬ সদস্যের এই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের চারজন জিএম (মহাব্যবস্থাপক) ও একজন ডিজিএম রয়েছেন।

সূত্র জানায়, মঙ্গলবার থেকেই কমিটি কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই মাসের মধ্যে গভর্নরের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এর আগে সোমবার সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির এই কমিটি গঠন করে দেন।