ড. জাফর ইকবালের উপর হামলার চার্জশিট দাখিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি)র অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে আদালতে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ৩৫৩ পৃষ্ঠার অভিযোগপত্র অমূল্য কুমার চৌধুরীর কাছে হস্তান্তর করেন।
এর আগে গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ এক সংবাদ সম্মেলনে মামলার তদন্তের বিস্তারিত তুলে ধরেন।
শাবির অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত উল্লেখ করে ৬ জন অভিযুক্ত হলেন- ফয়জুল হাসান ফয়েজ, ফয়েজের বন্ধু মো. সোহাগ মিয়া, ফয়েজের পিতা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মৎ মিনারা বেগম, মামা মো. ফজলুর রহমান এবং ফয়েজের ভাই এনামুল হাসান। এদের সবাই আটক আছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার।
পরিতোষ ঘোষ আরো বলেন, মামলার প্রধান আসামী ফয়জুল হাসান নিজেই জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে। ৩/৪ মাস থেকেই সে জাফর ইকবালকে হত্যার সুযোগ খুঁজতে থাকে। আদালতে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথাও স্বীকার করে ফয়জুল।
তিনি বলেন- জসিম উদ্দিন রাহমানী, তামিম উদ্দিন আদনানী এবং ওলিপুরী হুজুরের ওয়াজ শুনে ফয়জুল জিহাদের ব্যাপারে প্রভাবিত হয়। এছাড়া জসিম উদ্দিন রাহমানীর লেখা ‘উন্মুক্ত তরবারি’ পড়ে এবং তিতুমির মিডিয়ার ভিডিও দেখে সে ধারণা করে ড. মুহম্মদ জাফর ইকবাল নাস্তিক।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এক বছর আগে সে জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে। সে লক্ষ্যে নগরীর আল হামরা মার্কেটের নিচতলার একটি দোকান থেকে ছুরি কিনে সুযোগ খুঁজতে থাকে।
উল্লেখ্য, গত ২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইইই ফেস্টিভ্যালে’ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছন দিকে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে।