ফয়জুলকে যারা ভুল বুঝিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান: জাফর ইকবাল

সিলেট নিউজ বিডি ডেস্ক: শাবির অধ্যাপক ড. জাফর ইকবাল অভিযোগ করে বলেছেন ইন্টারনেটে তাকে নাস্তিক হিসেবে প্রচার করা হচ্ছে। তার নিজের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়জুলকে ক্ষমা করে দিয়েছেন বলেও জানিয়েছেন এ শিক্ষাবিদ ড. জাফর ইকবাল। তবে যারা ফয়জুলকে ভুল বুঝিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ৬ জনের বিরুদ্ধে জাফর ইকবাল হত্যা চেষ্টা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। অভিযোগপত্র দাখিলের প্রতিক্রিয়ায় এ কথা বলেন জাফর ইকবাল। আমি ক্ষমা করে দিলেও আইন আইনের গতিতে চলবে।পুলিশের আন্তরিকতার কারণেই এই অভিযোগ পত্র দ্রুত দেয়া সম্ভব হয়েছে। আমার উপর হামলা চালানোর জন্যই ইন্টারনেটে আমাকে নাস্তিক হিসেবে প্রচার চালানো হচ্ছে, নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। স্বাধীনতার পক্ষে কথা বলি তাই স্বাধীনতার বিরোধীরা এই অপপ্রচার চালাচ্ছে। এসময় ড. জাফর ইকবাল চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, অনেক লেখা লিখেছি, কোথাও কেউ প্রমাণ করতে পারবেনা নিজের বা অন্য কোন ধর্মের প্রতি আঘাত করেছি। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলাম। আর এই স্বাধীনতার বিরোধী শক্তিই জামায়াত শব্দ বাদ দিয়ে ইসলাম শব্দটুকু ব্যাবহার করে অপপ্রচার চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইইই ফেস্টিভ্যালে’ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে তার মাথার পেছন দিকে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে ফয়জুল।