শিক্ষার্থী নিহতের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ৩১ জুলাই সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছেন, ঘটনা যারা ঘটিয়েছে এবং যে গাড়িটি ঘটিয়েছে এগুলো যেন ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়।

তিনি বলেন, রাজধানীতে পাল্লা দিয়ে চলার সময় গাড়ির চাপায় দুই শিক্ষার্থীর প্রাণ নাশ হয়েছে। সারা ঢাকার সবাই খুব আঘাতপ্রাপ্ত হয়েছে। সবাই মনে করছে পাল্লা দিয়ে গাড়ি চালানো, এর একটা প্রতিকার করা উচিত। যথার্থভাবে তাই।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে গাড়ি দুটো জব্দ করা হয়েছে, যে চালকরা গাড়ি চালাচ্ছিলেন তাদেরও অ্যারেস্ট করা হয়েছে। যার গাফিলতির কারণে এই ঘটনা ঘটে থাকুক, আইনানুযায়ী তাকে শাস্তি পেতেই হবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের জন্য কিছু করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) এবং বিআরটিএকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালন-৫ এস এম তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ দেয়া হয়েছে।