সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে। কারণ এটি ইংল্যান্ডের ১০০০তম ম্যাচ। বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডই একমাত্র দল, যারা এক হাজার টেস্ট খেলতে চলেছে। আর এই স্মরণীয় টেস্টে ব্রিটিশদের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির ভারত। ১ অগাস্ট বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে ভারত বানাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। তার আগে রানির দেশের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই দলে স্থান পেয়েছেন বর্তমান ইংল্যান্ড দলের তিন তারকা। অ্যালিস্টার কুক, জেমস অ্যান্ডারসন-সহ ব্রিটিশ অধিনায়ক জো রুট রয়েছেন এই দলে। আরও রয়েছেন সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ২ নক্ষত্র কেভিন পিটারসেন এবং গ্রেম সোয়াম। এই ২ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দলে রাখা হয়নি ক্রিকেট স্রষ্ঠা উইলিয়াম গিলবার্ট গ্রেসকে। এই ব্রিটিশ দলে আছেন স্যার লিওনার্ড হাউটন, ডেভিড গোয়ার, স্যার ইয়ান বোথাম, অ্যালান নট (উইকেট কিপার), ফ্রেড ট্রুম্যান এবং বব উইলিস।
অ্যাসেজ জয়ী ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এবং অ্যান্ড্রু স্ট্রসের মতো তারকারাও নেই এই দলে। যা নিয়ে সমালোচনা হলেও ইসিবি জানিয়ে দিয়েছে, ভোটাভুটির মাধ্যমেই এই দল নির্বাচন করা হয়েছে, এখানে কোনও ব্যক্তিমত-কে প্রাধান্য দেওয়া হয়নি।
১৯৮১ সালে অ্যাসেজে ব্যাট হাতে স্যার ইয়ান বোথাম
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, ১৮৮০ সালের গ্রেসের দল থেকে আজকের জো রুটের ব্রিটিশ দল পর্যন্ত- ১০০ জন ক্রিকেটারকে বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী গোটা দেশের ক্রিকেট অনুরাগীরা পছন্দ মতো ক্রিকেটারদের বাছেন। সেখান থেকেই শ্রেষ্ঠ বাছাই হিসেবে এগারো জনকে বেছে নেওয়া হয়। ব্রিটিশ ক্রিকেট বোর্ড এও জানায়, ৬০০০ জন ক্রিকেট অনুরাগীর পছন্দেই ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দলের অধিনায়ক করা হয় জো রুটকে।
উল্লেখ্য, জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল ব্যাগি গ্রিনদের কাছে ৪-০-তে অ্যাসেজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যতায় শিরোনাম দখল করেন তিনি। জো রুটের ব্যাটিং মুগ্ধ করে গোটা বিশ্বকে। আইসিসি তালিকা অনুযায়ী তিনি এখন বিশ্বের সেরা তিন টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে একজন। স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির পরই রয়েছেন রুট।
এবারের ভারত সিরিজেও ইংল্যান্ড অধিনায়কের দিকেই তাকিয়ে গোটা দেশ। ওয়ানডের মতো টেস্টেও তার ফর্ম অব্যাহত থাকলে, ভারতের জয় যে সহজ হবে না সেকথাও সর্বজনবিদিত। এখন দেখার, ইংল্যান্ডের সর্বকালের সেরা টেস্ট দলের সেনাপতি বিশ্বের সেরা টেস্ট দলের বিরুদ্ধেও নিজের ক্যারিষ্মা দেখাতে পারেন কিনা।
ইংল্যান্ডের একাদশ: অ্যালাস্টেয়ার কুক, স্যার লিওনার্ড হটটন, ডেভিড গোয়ার, কেভিন পিটারসেন, জো রুট, স্যার ইয়ান বোথাম, অ্যালান নাট (উইকেটকিপার), গ্রায়েম সোয়ান, ফ্রেড ট্রুম্যান, জেমস এন্ডারসন ও বব উইলিস।
Sylhetnewsbd Online News Paper