ভারতে পাথর খনিতে বিস্ফোরণ, ১০ জনের মৃত্যু

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পাথর খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার সময় ওই বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। জেলা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়, অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলাগান গ্রামে এই পাথরের খনিটির অবস্থান। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে, খনি থেকে বিশাল আকারের পাথর খণ্ড উড়ে গিয়ে শ্রমিকদের বিশ্রামাগারের উপর গিয়ে পড়ে। সেখানে ৩০ জনের মতো শ্রমিক কাজ শেষে বিশ্রাম নিচ্ছিলেন। এছাড়া বিস্ফোরণের ফলে খনি এলাকায় আগুন ধরে যায়। আগুনে সেখানে থাকা তিনটি ট্রাক্টর, একটি ট্রাকসহ অন্যান্য ঘরও পুরোপুরি ভস্মীভূত হয়।

বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশেপাশের গ্রামের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। প্রচণ্ড ঝাঁকুনিতে এসব গ্রামের কয়েকটি ঘর ধসে পড়লে গ্রামবাসী আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন।

শুক্রবার মধ্যরাত পর্যন্ত পাথরের নিচে চাপা পড়া বিশ্রামাগার থেকে ৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। পাথরের নিচে আরও কয়েকজনের লাশ আছে বলে মনে করা হয়। নিহত সবাই ভারতের ওডিশা রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় আহতদের উদ্ধার করে আলুরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।