শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে: কাদের

সিলেট নিউজ বিডি ডেস্ক: শিক্ষার্থীদের নয়টি দাবির মধ্যে এরই মধ্যে কয়েকটি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে কোমলমতি এই ছোট ছেলে-মেয়েদের ওপর কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। এ বিষয়ে শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরে যাব। আমরা আশা করছি দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সেই কারণে পুলিশ নানাভাবে অপদস্থ এবং হয়রানির শিকার হয়েও রাজনৈতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধৈর্য ধারণ করছে।

সেতুমন্ত্রী বলেন, চালকদের গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নেয়া হয়েছে। আইন আনুযায়ী বিচারের আওতায় এনে তাদের বিচারকাজ সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণও দেয়া হয়েছে।

এছাড়া একটি আন্ডার পাস নির্মাণের দাবি করা হয়েছে। যা নির্মাণে অর্থ বরাদ্দ হয়ে গেছে। ডিজাইন সম্পন্ন হয়েছে। টেন্ডার না করে কাজটি দ্রুত করতে সেনাবাহিনীকে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।