সিলেট নিউজ বিডি ডেস্ক: সোমবার ফ্লোরিডার লডারহিলে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। পরদিন হোটেলের লবিতে সাকিব আল হাসানের সাথে ঘটে যায় এক আপত্তিকর ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
ভিডিওতে দেখা যায়, সাকিব আল হাসান এক ভক্তের দিকে তেড়ে আসছে এবং বাজে কুরুচিপূর্ণ ইংগিত করছেন। কিন্তু সাকিব কেন এমন করেছেন বা ওই ভক্তের কোন আচরণে সাকিব এমন করলেন সে ব্যাপারে নিশ্চিত কিছুই জানা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় সমালোচনা।
অবশেষে মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। নিজের ফেরিফায়েড ফেসবুকে ওইদিনের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সাকিব। নিচে তার বক্তব্য তুলে ধরা হল—
‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’ এর সাথে তর্ক-বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।
পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম ও ব্যাগ বহন করেছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোনভাবেই অটোগ্রাফ দেয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলি ভাগ করে নেয়ার চেষ্টা করি।
কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময় এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভাল খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।
আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোন সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক।
একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্ধেশ্যে বলতে চাই আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি। নতুন কোন চাপ প্রয়োগ না করার জন্যে বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছে আমি সর্বদা তাদের পাশে আছি।
সবার জন্যে আমার তরফ থেকে ভালোবাসা রইলো – সাকিব।’
Sylhetnewsbd Online News Paper