সিলেট নিউজ বিডি ডেস্ক:নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে হেলমেটধারীদের হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেইসঙ্গে আগামী শনিবারের আগে হামলাকারীদের গ্রেফতার করা হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আজ মিটিং চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বিষয়গুলো অবহিত আছেন। তিনি ব্যবস্থা নিতে আন্তরিক। শনিবার সারাদেশে সাংবাদিকরা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা আশা করছি, সাংবাদিকদের এ আন্দোলনের আগেই দুর্বৃত্তদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি হবে।
ইনু বলেন, ছাত্রদের আন্দোলনে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তারা সরকারকে বিব্রত করতে চেয়েছে। এ হামলার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের উস্কে দেওয়ার পাঁয়তারা করেছে। তারা চায় সরকার ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থানে থাকুক। এর মধ্য দিয়ে এসব দুর্বৃত্তকারীরা ফায়দা হাসিল করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ছাত্রদের আন্দোলনের মাঝে যারা সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে মারধর করেছে তাদের ভিডিও ফুটেজ ও ছবি সবার কাছে পরিষ্কার। ফলে তাদের গ্রেফতার করতে দেরি হওয়ার কথা নয়।
এছাড়া আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ দেয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাদের মোবাইল ফোন, ক্যামেরা ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে তারও সমাধানে উদ্যোগ নিতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী।
তথ্য সচিব আবদুল মালেক, সদ্য নির্বাচিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper