রণবীরের সঙ্গে অভিনেতা চাংকি পান্ডে কন্যার অভিষেক?

সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউড অভিনেতা চাংকি পান্ডে ও ভাবনা পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ইতোমধ্যে বলিউডে তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র শুটিং শুরু করেছেন। এতে আরো অভিনয় করছেন তারা সুতারিয়া ও টাইগার শ্রফ।

স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমাটি মুক্তির কথা ছিল চলতি বছর নভেম্বরে। কিন্তু তা পিছিয়ে আগামী বছর মে মাসে করা হয়েছে। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর সিংয়ের সঙ্গে গুল্লি বয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে চাংকি কন্যার।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে জানান, জয়া আখতারের গুল্লি বয় সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে অনন্যাকে। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। আর এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে অনন্যাকে।

জানা গেছে, মুম্বাইয়ের দুই র‌্যাপার ডিভাইন ও নেইজিকে নিয়ে তৈরি হয়েছে গুল্লি বয় সিনেমার গল্প। ডিভাইন ও নেইজি দুজনই মুম্বাইয়ের প্রসিদ্ধ র‌্যাপ গায়ক। তাদের বেশির ভাগ গানই এই শহরকে ঘিরে। ডিভাইনের (আসল নাম ভিভিয়ান ফার্নান্দেজ) গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘ইয়ে মেরা বোম্বে’। তার পর তিনি গেয়েছেন ‘মেরি গোলি ম্যায়’। অন্যদিকে র‌্যাপার নেইজির প্রথম গান ছিল ‘আফাত’। রণবীর দুই র‌্যাপারের একজনের ভূমিকায় অভিনয় করছেন।