সিলেট নিউজ বিডি ডেস্ক: এবার এক অভিনব প্রতিবাদের ডাক দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আল্টিমেটাম দিয়ে সবাইকে কালো পোশাকে ঈদ পালন করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন মোল্লা।
নেতাদের মুক্তি, কর্মসূচিতে হামলাকারীদের বিচারসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে ১২ আগস্ট রোববার সকালে এক বিক্ষোভ কর্মসূচিতে এ ঘোষণা দেয়া হয়। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইয়ামিন মোল্লা বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন। না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ঈদের আগে মুক্তি দেয়া না হলে কালো পোশাকে ঈদ পালন করবেন কোটা আন্দোলনকারীরা। এসময় উপস্থিত ছিলেন কোটা আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন।
অন্যদিকে, কোটা আন্দোলনকারীদের এই সমাবেশ করার কথা ছিল টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে। কিন্তু বেলা ১১টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে মৌলবাদবিরোধী ছাত্র সমাবেশ করেন।
Sylhetnewsbd Online News Paper