সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ’র ১৪ দফার বিকল্প নেই

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ঢাকা জেলা কমিটির প্রথম কাউন্সিলে ২০১৮ প্রধান অতিথির বক্তব্য কালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো.শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফ-এর ১৪ দফার বিকল্প নেই। এই ১৪ দফার সাথে আমি একমতই শুধু নয়; বাস্তবায়নে নিবেদিত। ১১ আগস্ট সকাল ১০ টায় মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলের উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন-এর চেয়ারম্যান এস এম মোরশেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঢাকা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক জালাল উদ্দীন জুয়েল। অতিথি ছিলেন বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড: কাওসার হোসাইন, ঢাকা জেলার উপদেষ্টা কলিম এম জায়েদী, সেভ দ্য রোড’র প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, বিএমএসএফ’রসহ-সভাপতি এসএম শামসুল আলম নিক্সন, মোফাজ্জেল হোসেন, জাহাঙ্গীর হোসাইন, হেদায়েত উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলার সমন্বয়কারী মুছা মোরশেদ, যুগ্ম-আহবায়ক উজ্জ্বল ভুইয়া, কবির নেওয়াজ, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার, সাভারের সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

কাউন্সিলে সভাপতি হিসেবে কলকাতা টিভির স্টাফ রিপোর্টার মুছা মোরশেদ ও সাধারণ সম্পাদক শাহজালাল ভূঁইয়া উজ্জল নির্বাচিত হন। পরবর্তীতে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিএমএসএফর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সাংবাদিকদেরকে জানান।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলমগীর আরো বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে শুধু সরকার নয়; আপনাদেরকেও সমান ভূমিকা রাখতে হবে। যাতে করে কোন অপসাংবাদিক কখনোই নিজেদেরকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে অন্যায়-অপরাধের রাজত্ব তৈরির সুযোগ না পায়।

কাউন্সিল শেষে পল্টন থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে আগামিকাল দেশের সকল জেলা/উপজেলায় সাংবাদিকদেরকে বিক্ষোভ সমাবেশ করার জন্য আহবান জানানো হয়েছে।