সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার আহ্বান ওবায়দুল কাদেরের

সিলেট নিউজ বিডি ডেস্কঃ নির্বাচনকে সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

বুধবার ১৫ আগস্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে (১৫ আগস্ট) আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করবো, প্রতিহত করবো।

তিনি বলেন, আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই-এটাই আওয়ামী লীগের ইতিহাস।

এই আওয়ামী লীগ নেতা বলেন, আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ যদি তার সততা, সাহসের দৃষ্টান্ত অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে। বঙ্গবন্ধু আজ নেই, তার কন্যা শেখ হাসিনা এখন বাঙালির মুক্তি সংগ্রামের আপোষহীন কাণ্ডারী। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড মন্তব্য করে তিনি আরো বলেন, পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সর্বাধিক নৃশংস বর্বরতা ও পৈচাশিক হত্যাকাণ্ড ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল।