কে এই মাহবুব তালুকদার?

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। পাঁচ কমিশনারের মধ্যে চারজনই একদিকে অবস্থান নিয়েছেন, অন্যজন তাদের বিপক্ষে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ অন্য তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীর দেয়া সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিচ্ছেন (আপত্তি) মাহবুব তালুকদার। আগে তা গোপন থাকলেও এখন তা প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এর প্রতিফলন দেখা যায়।

তবে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্তে অন্য কমিশনারদের সঙ্গে ভিন্নমত পোষণ করে আলোচনায় এসেছেন কমিশনার মাহবুব তালুকদার।

এরপর বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মাহবুব তালুকদারের নাম দিয়েছিল বিএনপি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করতে বসা নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক থেকে কমিশনার মাহবুব তালুকদার বেরিয়ে যাওয়ার পর তার সম্পর্কে পাঠকের সৃষ্ট তথ্যক্ষুধা মেটাতে তার পরিচয় তোলা হলো।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার সম্পর্কে দেয়া তথ্য বলছে, মাহবুব তালকুদার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি মুজিবনগর সরকারের তথ্যমন্ত্রী ছিলেন।

স্বাধীনতাযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সময়ে উপসচিবের মর্যাদায় রাষ্ট্রপতির ‘স্পেশাল অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আরেক রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহর সময়ে রাষ্ট্রপতির জনসংযোগ কর্মকর্তা ছিলেন। দেশের প্রথম চার রাষ্ট্রপতির দফতরে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেসসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া মাহবুব তালুকদার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরির শেষ সময়ে ১৯৯৮ সালে তিনি জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি।

এছাড়া লেখক হিসেবেও সব মহলে বেশ পরিচিত তিনি। কবিতা এবং উপন্যাসসহ এখন পর্যন্ত তার প্রায় ৪৪টি বই প্রকাশিত হয়েছে। ২০১২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

১৯৪২ সালে জন্মগ্রহণ করা মাহবুব তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়ন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে শিক্ষকতা করেছেন ১৯৬৮ থেকে ১৯৭০ পর্যন্ত। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলায়।