সিলেট নিউজ বিডি ডেস্ক: ইভিএম নতুন প্রযুক্তি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশে গড়ে তুলবো। নির্বাচনে ইভিএম ব্যবহার তারই একটি পার্ট। ইভিএম নিয়ে আসার জন্য আমিই পক্ষে ছিলাম। এখনও পক্ষে আছি। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া যাবে না।
রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সদ্য সমাপ্ত বিমসটেকের চতুর্থ সম্মেলন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, টেকনোলজি আমাদের যেমন সুবিধা দেয়, তেমনি বিপদেও ফেলে। ইভিএম প্র্যাকটিসের ব্যাপার। এটি ব্যবহারের আগে আমাদের পরীক্ষা করে দেখতে হবে। কিছু কিছু জায়গায়, বিশেষ করে সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়া আর বিএনপি ছাড়া নির্বাচন হবে না বলে দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান একজন গণমাধ্যমকর্মী।
জবাবে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন এতিমের টাকা চুরি করে। আদালত তাকে শাস্তি দিয়েছে। এতে আমাদের কিছু করার নাই। তার বিরুদ্ধে আরও মামলা আছে। যে মামলায় তার শাস্তি হয়েছে ওই মামলা আমরা করি নাই। সে সময় তাদের পছন্দের সেনা সমর্থিত সরকারই ক্ষমতায় ছিল। তারাই ওই মামলা দিয়েছে। আইনের বাইরে আমার কিছু নাই।
প্রধানমন্ত্রী বলেন, তাদের নেত্রী এখন কারাগারে বন্দি। তারা পারলে আন্দোলন করে তাকে মুক্ত করুক।
সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমসটেক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা নেতাদের সঙ্গে আলোচনায় বলেছি, বাংলাদেশ বিমসটেকের মতো সহযোগিতামূলক প্লাটফর্মের সঙ্গে কাজ করে যাবে।
এতে প্রধানমন্ত্রী বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী, নেপালের প্রধানমন্ত্রী শর্মা অলি, ভুটানের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা শেরিং ওয়াংচুকসহ অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরেন। উল্লেখ করেন এসব বৈঠকে আলোচনার বিষয়াদিও।
বিমসটেক সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু যান প্রধানমন্ত্রী। দুই দিনের সফর শেষে শুক্রবার বিকেল আড়াইটার দিকে দেশে ফেরেন তিনি।
Sylhetnewsbd Online News Paper