খালেদার চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

সিলেট নিউজ বিডি ডেস্ক: কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট হয়েছে।

হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অনুমতি নিয়ে রোববার দুপুরে রিটটি দায়ের করা হয়েছে বলে জানিয়ে খালেদা জিয়ার আইনজীবী নওশাদ জমির বলেন, ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।

পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বিশেষ বোর্ড গঠন এবং এখন পর্যন্ত তাঁর চিকিৎসাসেবা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রিট আবেদনে রুল চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে বলে জানান আইনজীবী নওশাদ জমির।

খালেদা জিয়ার পক্ষে এই রিট দাখিলকারী আইনজীবী বলেন, চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

গত সপ্তাহে খালেদা জিয়ার একটি মামলা পরিচালনার জন্য কারাগারে আদালত স্থাপনের গেজেট বাতিল চেয়ে আইনজীবী নওশাদ জমির একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এতে বলা হয়েছিল, ৮ সেপ্টেম্বরের মধ্যে গেজেট বাতিল করতে হবে। এ বিষয় জানতে চাইলে নওশাদ জমির বলেন, এখনো আইনি নোটিশের জবাব পাইনি। জবাব না পেল রিট করা হবে।

অন্যদিকে, রিট আবেদন দায়েরের পরপরই খালেদা জিয়ার মামলার ও শারীরিক অবস্থার বিষয়ে জানাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করতে গেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।