সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আজই সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে কারা মহাপরিদর্শকসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া হবে।
এছাড়া খালেদার চিকিৎসায় সংশ্লিষ্টদের আগেই নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে মন্ত্রীর সঙ্গে আলাপের বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে বিশেষায়িত একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেছি আমরা। জানিয়েছি খালেদা জিয়ার পছন্দ ইউনাইটেড হাসপাতাল। সেখানে যেন নেওয়া হয় তাকে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
এদিন বিকেলে তিনটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।
ফখরুল ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।
Sylhetnewsbd Online News Paper