‘বেদের মেয়ে জোসনা’ জুটিকে নিয়ে নতুন ছবির ঘোষণা

সিলেট নিউজ বিডি ডেস্ক: চলচ্চিত্র জগতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। দীর্ঘ ২২ বছর পর জন্মভূমির মাটিতে পা রেখেছেন গত বুধবার। আজ এসেছেন বিএফডিসিতে শিল্পীদের সঙ্গে দেখা করতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দিয়েছেন তাকে সংবর্ধনা। আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

সেখানে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘মাতৃভূমিতে এসে মনে হলো তীর্থে পা রেখেছি। কারও উপর আমার কোন ক্ষোভ নেই। অভিমান নেই। আমি বাংলাদেশ ছেড়ে যাইনি। শিল্পীরা কেমন আছে দেখতে এসেছি।’

বর্তমান চলচ্চিত্র সম্পর্কে তিনি বলেন, ‘যতদূর জেনেছি সিনেমা এখন দর্শকের কাছ থেকে দূরে সরে গেছে। ছবির মানুষগুলো দূরে সরে গেছে। এখন মানুষ সিরিয়াল দেখে। একটা সময় শুটিং স্পটই ছিল সব। শুটিং স্পটেই ছিল আমাদের ঘর সংসার।’

আজ (রোববার) বিকেলে এফডিসিতে তাকে সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, খলঅভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা অঞ্জনা ও শাহনূরসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে নায়ক ইলিয়াস কাঞ্চন গান গেয়ে অঞ্জুকে ফুলের মালা দিয়ে বরণ করেন। তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমাকে আমার এ নায়িকার সঙ্গে মিলন ঘটানোর জন্য শিল্পী সমিতি যে উদ্যোগটি নিয়েছে। সেজন্য শিল্পী সমিতির সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি গতকাল থেকেই অঞ্জুর খোঁজ নিচ্ছি।’

আহমেদ শরীফ বলেন, ‘সত্যি অবাক করে দিলে। অঞ্জু আমাদের মধ্যে এসে সত্যি আমাদের অবাক করে দিয়েছে। আমি কলকাতায় গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করেছি। আমি আমার ওয়াইফকে নিয়ে কলকাতায় যেতাম। একবার ও গাড়ি পাঠিয়ে আমাকে জোর করে ওর বাসায় নিয়ে গেছে।’

এ সময় অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবারো সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক নাদের খান। তিনি বলেন, ‘এই জুটি আমাদের সিনেমার দর্শকের কাছে আবেগের নাম। আমি `জোছনা কেন পরবাসে` নামে একটি সিনেমা বানাবো এই জুটিকে নিয়ে। বর্তমান সময়কে মাথায় রেখেই গুণী নির্মাতা দিয়ে ছবিটি নির্মিত হবে।’

ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষও আগ্রহ প্রকাশ করেছেন আবারো জুটি হয়ে কাজ করতে। অনুষ্ঠানে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবির ঘোষণা দেন। সেখানে অঞ্জু ঘোষ অভিনয় করবেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’ ছবিতে বেদের মেয়ে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ‎তোজাম্মেল হক বকুল পরিচালিত সিনেমাটি। ছবিটি তুমুল জনপ্রিয়তা এনে দেয় ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষকে।