সিলেট নিউজ বিডি ডেস্ক: এবার মুখোমুখি লড়াইয়ের সামনে ঢালিউডের প্রথম সারির দুই নায়িকা মাহিয়া মাহি ও পরীমনি। আগামী ৫ অক্টোবর মাহি ও পরী অভিনীত দুটি আলাদা ছবি মুক্তির খবর পাওয়া গেছে।
প্রযোজক সমিতির সূত্রে জানা গেছে, একই দিন পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তির জন্য দিন ঠিক করা হয়েছে।
‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পরিচালক শামীমুল ইসলাম ও পবিত্র ভালোবাসার পরিচালক এ কে সোহেল। দুই পরিচালক পৃথকভাবে নিশ্চিত করেছেন, ৫ অক্টোবর ছবি মুক্তি দেবেন তারা।
এদিকে একইদিনে ছবি মুক্তি নিয়ে কী একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন মাহি-পরী? এ প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। চলচ্চিত্রে আমার যেমন ভক্ত দর্শক আছেন, পরীরও আছেন। আর থাকাটাই স্বাভাবিক। তারা তাঁদের পছন্দের শিল্পীর ছবি দেখতে যাবেন। এখানে প্রতিযোগিতার কিছু নেই।
অন্যদিকে পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের জন্য এটা একটা ভালো ব্যাপার। আমি চাইব আমাদের দর্শকরা দুজনের ছবিই দেখুক। তবে এর আগে আমি চাইব, আমরা একে অপরের ছবি দেখে দর্শকদের হলে আসতে উদ্বুদ্ধ করতে।’
Sylhetnewsbd Online News Paper