তারুণ্য ধরে রাখতে কী করবেন?

সিলেট নিউজ বিডি ডেস্ক: বয়সের সঙ্গে সঙ্গে চেহারায় তার ছাপ পড়বেই। কিন্তু একটু সচেতন থাকলেই চেহারায় আর ছাপ পড়বে না। আর এই কাজগুলো তেমন কঠিন কিছুই নয়। প্রতিদিনের কাজগুলো একটু নিয়মমাফিক করলেই চেহারায় ধরে রাখতে পারবেন তারুণ্যের যৌবন।

আসুন জেনে নেই তারুণ্য ধরে রাখতে কী করবেন?

অতিরিক্ত রোদ থেকে দূরে: বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন৷ এতে যে ত্বক সহজে বুড়িয়ে যায় – তা নয়, এর ফলে ত্বকে ক্যানসারও হতে পারে৷ তাছাড়া আজকাল পরিবেশ দূষণও ত্বকে বিশেষভাবে প্রভাব ফেলে৷

তাই যতটা সম্ভব দূষণ থেকে নিজেকে দূরে রাখা এবং বাইরে থেকে ফিরে গোসল বা ভালো করে হাত-মুখ ধোয়া উচিত৷

কসমেটিক: বর্তমানে সৌন্দর্য চর্চায় আবার আগের ট্রেন্ড ফিরে এসেছে, অর্থাৎ গাছগাছালির পাতা, রস, শেকড় ইত্যাদির তৈরি ভেষজ ক্রিম, পাউডার, তেল নানা কিছু এসে গেছে বাজারে৷ সৌন্দর্য পিপাসু অনেকেই আজকাল তাই সেদিকেই ঝুঁকছেন৷

খাওয়া-দাওয়া: সুস্থ আর সুন্দর থাকতে খাওয়া-দাওয়ার ভূমিকা অনেক৷ মানুষের শরীরে প্রোটিন, ভিটামিন, শর্করা, মিনারেল – এগুলির দরকার৷ সব কিছুই খাওয়া উচিত, তবে একটা পরিমিতিবোধ থাকতে হবে৷

শাক-সবজি: প্রচুর শাক-সবজি, ফল-মূল খাবার তালিকায় থাকা প্রয়োজন৷ মুখ হচ্ছে শরীরের আয়না৷ অর্থাৎ শরীরের ভেতরটা ভালো থাকলে চোখে-মুখে তার প্রভাব তো পরবেই৷

নিয়মিত ব্যায়াম: শুধু সুন্দর মুখ আর টানটান ত্বকই তারুণ্যের চাবিকাঠি নয়৷ শরীরটাও থাকতে হবে টানটান আর সেজন্য চাই নিয়মিত কিছুক্ষণ শরীরচর্চা বা ব্যায়াম এবং মুক্ত বাতাস সেবন৷ শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকার জন্য বছরে অন্তত একবার ‘মেডিকেল চেকআপ’ করিয়ে নেওয়াও অত্যন্ত দরকারি৷

সময়ের সাথে চলা: বয়স যতই হোক না কেন সময়ের সাথে কিছুটা তাল মিলিয়ে চলা বেশ প্রয়োজন৷ তবেই তো সমাজে সব বয়সিদের সাথে মিলেমিশে, একসঙ্গে চলা সম্ভব৷ নিজেকে তরুণ ভাবা এবং সব বিষয়ে আপডেট থাকা অবশ্যই এক্ষেত্রে একটা বড় ব্যাপার৷

গ্রিন-টি: সৌন্দর্য চর্চা বা তারুণ্য ধরে রাখতে গ্রিন-টি বা সবুজ চায়ের জুড়ি নেই৷ এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট৷ নিয়মিত গ্রিন-টি পান শরীরে ইতিবাচক প্রভাব ফেলে৷