সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই উয়েফা নেশন্স লিগে শুভ সূচনা করেছে পর্তুগাল। আন্দ্রে সিলভার একমাত্র গোলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েছে ফার্নান্দো সান্তোসের দল।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতের এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ ৩-র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে পর্তুগাল। ইতালির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আটলান্টিক মহাসাগরের উপকূলের ফুটবল যোদ্ধারা। আর ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। কিন্তু গোল পোস্টের খুব কাছে অরক্ষিত থেকেও বাইরে দিয়ে হেড নেন ব্রুমা। এরপর ২৯ মিনিটের মাথায় আরেকটি গোল হাতছাড়া হয় পর্তুগিজদের।
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পর্তুগাল। ৪৮ মিনিটে বক্সের ভেতর ব্রুমার পাস থেকে বাঁ পায়ের দারুণ এক শটে বল জালে জড়ান সিলভা। এরপর আর কোন গোল হয়নি পুরো ম্যাচে। এমনকি গোলশোধের তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি আন্তর্জাতিক ফুটবলে বাজে সময় কাটানো ইতালি। নেশন্স লিগে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তিন নম্বরে আছে রবের্তো মানচিনির শিষ্যরা।
ইতালিকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। ১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পোল্যান্ড।
‘বি’ লিগের গ্রুপ-২ এর ম্যাচে সুইডেনতে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
‘সি’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে ২-০ গোলে আলবেনিয়াকে হারিয়েছে স্কটল্যান্ড।
‘সি’ লিগের গ্রুপ-৪ এর ম্যাচে রোমানিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সার্বিয়া।
Sylhetnewsbd Online News Paper