সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের মুম্বাই থেকে ভারত-বাংলাদেশ মানবপাচারকারী চক্রের প্রধান বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শেখ ওরফে সাইদুলকে আটক করেছে পুলিশ। বুধবার মুম্বাইয়ের ভাসাই ক্রাইম ব্রাঞ্চ জানায়, গেল ৬ সেপ্টেম্বর সাইদুলকে আটক করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সাইদুল প্রায় ৫০০ বাংলাদেশি নারীকে ভারতে পাচার করেছে। গেল দেড় বছর ধরে তাকে আটকের চেষ্টা করে আসছিল কর্মকর্তারা। সবশেষ ৬ সেপ্টেম্বর একটি এনজিও’র দেয়া তথ্যের ভিত্তিতে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে সাইদুল। রিমান্ড চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ৫০০ নারীকে ভারতে পাচারের কথা স্বীকার করেছে সে।
সে জানায়, চাকরি দেয়ার নাম করে মেয়েদের ভারতে এনে দিল্লি, মুম্বাই, নদিয়া ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্রি করে দিত সে। কিশোরীদের বিক্রি করতো এক লাখ রুপিতে। আর নারীদের জন্য তাকে দিতে হতো ৬০ হাজার রুপি।
সাইদুল মূলত ফোনে তার কর্মকাণ্ড চালাতো। তার দলে মোট ১১ জন পাচারকারী রয়েছে।
Sylhetnewsbd Online News Paper