মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন হাজার কোটি টাকা লেনদেনঃ অর্থমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার মত লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান গ্রাহক প্রায় ৬ কোটি ৪০ লাখ। এর মধ্যে ৩ কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছেন। আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হচ্ছে।

সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ২০১৭-১৮ অর্থ বছরে ১৪ হাজার ৬১২ দশমিক ১৮ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের আশ্বাস পাওয়া যায়। এর মধ্যে পাওয়া গেছে ৬ হাজার ২৯০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।