সিলেট নিউজ বিডি ডেস্ক: ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ করে কোটা পর্যালোচনা কমিটির দেওয়া সুপারিশকে ইতিবাচকভাবে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে কোটা বাতিলের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। একই সঙ্গে তিন দফা দাবির অন্য দু’টিও মেনে নেওয়ার দাবি করেন তারা।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বায়ক হাসান আল মামুন। সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’ এ সময় তিনি আজ মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, ‘এটা কতটুকু কার্যকর করা হবে সেটা আমরা এখনও বুঝতে পারছি না।
তারপরেও সরকার যেহেতু একটা কমিটি গঠন করেছে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে সেটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখছি।’ তিনি বলেন, ‘কমিটি প্রথম দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে কোটা তুলে দেওয়ার কথা বলেছে সেটাকে আমরা স্বাগত জানাই। তবে প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে সেগুলো চলবে।’
Sylhetnewsbd Online News Paper