ছাতক প্রতিনিধিঃ ছাতকের বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিনসহ ৩জনকে আটক করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ছাতক থানা পুলিশের এক অভিযানে চেলা নদী থেকে ড্রেজার মেশিনসহ তাদের আটক করা হয়। বিকেলে আটককৃতদের বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক অরুন কুমার দাস বাদী হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত তাহের আলীর পূত্র মোশাহিদ আলী (৫৫), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের ইব্রাহিম মিয়ার পূত্র রবি মিয়া (২৮) ও একই উপজেলার শরিফপুর গ্রামের মকবুল হোসেনের পূত্র বেলাল হোসেন (৩০)।
ছাতকের একাধিক বালু ব্যবসায়ীদের অভিযোগ, সরকারী ভাবে বালু মহালে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্ত এই নিষেধাজ্ঞা থাকা সত্বেও একটি কুচক্রীমহল স্থানীয় প্রভাবশালীদের ছত্র-ছায়ায় বালু মহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারনে স্থানীয় বালু ব্যবসায়ী ও বালতি শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চেলা নদীর বালু মহালে অবৈধ ড্রেজার মেশিন চালানো বন্ধে অভিযান চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।
Sylhetnewsbd Online News Paper