সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের বিপক্ষে অবিশ্বাস্য এক স্বপ্ন নিয়ে দুর্দান্ত খেলছে হংকং। ভারতের ছুড়ে দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বিনা উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিলো এই দলটি। সারা বিশ্ব তখন অসাধারণ এক অঘটন দেখতে পাচ্ছিলো। কিন্তু ওখান থেকে পা পিছলে গেলো হংকংয়ের। ফলে ভারতকে কাঁপিয়ে এশিয়া কাপে জয়বঞ্চিত থেকেই ফিরতে হল দলটিকে।
১৮ সেপ্টেম্বর তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে ২৬ রানের ব্যবধানে। আগে ব্যাট করা ভারতকে বড় স্কোর এনে দেন শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু। ২৩ রান করে অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর ধাওয়ান ও রাইডু ১১৬ রানের জুটি করেন। রাউডু ৬০ রান করে আউট হন। অন্য দিকে ধাওয়ান ১২০ বলে করেন ১২৭ রান। শেষ দিকে কেদার যাদবের ২৮ রানে ভারত ২৮৫ রান তোলে ৭ উইকেট হারিয়ে।
জবাব দিতে নেমে দুই ওপেনার নিজাকাত খান ও আংশুমান রাথ অসাধারণ শুরু এনে দেন হংকংকে। তাদের ইতিহাস সেরা ১৭৪ রানের জুটি করেন। আংশুমান ৭৩ রান করে আউট হন। আর নিজাকাত এই নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নার্ভাস নাইনটিসে আউট হলেন। তিনি ১১৫ বলে করেন ৯২ রান।
এই দু জন ফিরে যাওয়ার পর হংকংয়ের আর কেউ রান ও বলের হিসাবের সাথে পাল্লা দিয়ে পারেননি। ফলে ৮ উইকেটে ২৫৯ রানে থেমে যায় হংকং। ভারতের হয়ে এই ম্যাচেই অভিষিক্ত ফাস্ট বোলার খলিল আহমেদ তুলে নেন ৩ উইকেট।
Sylhetnewsbd Online News Paper