সিলেট নিউজ বিডি ডেস্ক: লেসার নিয়ে গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদার্থবিদ্যায় ২০১৮-এর নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য তিনজনের নাম ঘোষণা করে।
তারা হলেন- যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের রেজার্ড মুরু এবং কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড।
নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আর্থার আশকিন পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক মুরু ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ভাইরাসের মতো ক্ষুদ্র কণাকে কোনো ক্ষতি না করেই ধরার জন্য সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স’ আবিষ্কার করেছেন আশকিন।স্ট্রিকল্যান্ড এবং মুরু ছোট ও তীব্র ‘লেজার পালস’ তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে৷
গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেন জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশ। আলবার্ট আইনস্টাইনের অপেক্ষবাদ তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার গবেষণার জন্য এই পুরস্কার পান।
এর আগে ক্যান্সার গবেষণায় বিশেষ অবদানের জন্য ২০১৮-এর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো। ১ অক্টোবর এই দুইজনের নাম ঘোষণা করা হয়। খবর: বিবিসি
Sylhetnewsbd Online News Paper