সিলেট নিউজ বিডি ডেস্ক: পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে নয় বছর আগের একটি ধর্ষণের অভিযোগ তদন্ত করা হবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস পুলিশ জানিয়েছে ভুক্তভোগী নারীর অনুরোধক্রমে তারা এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যাথরিন মায়োর্গা নামে এক নারীকে লাস ভেগাসের হোটেলে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। যদিও জার্মান গণমাধ্যমে প্রথম এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভূয়া সংবাদ’ বলে অভিহিত করেন রোনালদো। ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও হুমকি দেন তার আইনজীবী।
ওই ঘটনার পরপরই ২০০৯ সালে লাস ভেগাস পুলিশের নিকট একটি অভিযোগ দাখিল করেন মায়োর্গা। ২০১০ সালে তিন লাখ ৭৫ হাজার ডলারে আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করা হয়। তবে চুক্তির শর্ত অনুযায়ী অর্থ প্রদান না করায় সালিশের সিদ্ধান্ত বাতিলের আবেদন করেন ৩৪ বছর বয়সী তরুণী।
৩৩ বছর বয়সী রোনালদো বর্তমানে পর্তুগাল জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার চলতি মৌসুমের শুরুতে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন।
লাস ভেগাস পুলিশ জানায়, তারা ২০০৯ সালের জুনে এ সংক্রান্ত একটি অভিযোগ পান। পরে এ অভিযোগের উপর ভিত্তি করে আর তদন্ত হয়নি।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযোগের সময় ওই তরুণী ঘটনার স্থান বা কোনও প্রমাণাদী পুলিশকে দেয়নি। ২০১৮ সালের সেপ্টেম্বরে আমাদের গোয়েন্দা বিভাগ তদন্ত করতে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।
Sylhetnewsbd Online News Paper