ইসির গুরুত্বপূর্ণ ফাইল চার নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সব ফাইল চারজন নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে ইসি সচিবালয়। মঙ্গলবার সব কার্যক্রম পরিচালনায় আইন ও বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়ে এই অফিস আদেশ জারি করা হয়। এখন থেকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনারদের কাছেও গুরুত্বপূর্ণ সব বিষয়ে নথি উপস্থাপন করতে হবে ইসি সচিবালয়কে।

এদিকে এ অফিস আদেশ জারির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের সঙ্গে নানা বিষয়ে ভিন্নমতের মধ্যেও সিইসির কক্ষে বৈঠক করেছেন চারজন নির্বাচন কমিশনার। গতকাল বিকালে সিইসির কক্ষে এ চার কমিশনার দীর্ঘ সময় বসে আলোচনা করেন। এর মধ্যে দিয়ে সিইসির সঙ্গে অন্য চার কমিশনারের দূরত্ব কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন ইসির কর্মকর্তারা।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ইসি সচিবালয়ের কিছু কিছু কার্যক্রমে আইন ও কার্যপ্রণালী বিধিমালার ব্যত্যয় ঘটেছে; যা চার নির্বাচন কমিশনারের নজরে এসেছে। তাই এ সংক্রান্ত বিধিবিধান প্রতিপালন করে ইসি সচিবালয়ের সব কাজ পরিচালনার জন্যে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে। প্রসঙ্গত, এর আগে অভিযোগ উঠেছিল, ইসি সচিবালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ছাড়া অন্য নির্বাচন কমিশনারকে অবহিত করা হয় না।

সিইসির সঙ্গে চার কমিশনারের বৈঠক: প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে গিয়ে প্রায়শ আলোচনার রেওয়াজ ছিল কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসিতে। তবে ইভিএম নিয়ে আরপিও সংস্কার সংক্রান্ত ৩০ আগস্টের কমিশন বৈঠকের পর ৫ সদস্যের ইসিতে সিইসির কক্ষে ঘরোয়া বৈঠক হয়নি বলে জানান ইসি কর্মকর্তারা। প্রায় এক মাস পর গতকাল বিকালে সিইসির কক্ষে চার নির্বাচন কমিশনার একসঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটা ছিল পিউরলি ঘরোয়া আলোচনা। আমরা অনেক ইস্যু নিয়ে নিজেরা আলোচনা করেছি। আপনারাই আমাদের নিয়ে অস্বস্তি দেখছেন। আসলে আমরা তো অস্বস্তিতে নেই। আগেও অনানুষ্ঠানিক এভাবে আমরা বসতাম; আজও বসেছি।’

ইসি কর্মকর্তারা জানান, ৫২ জন বিদেশি সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গেও বসার প্রস্তাবনা এসেছিল। কিন্তু ইসির সঙ্গে তাদের বৈঠক হবে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।