সিলেট নিউজ বিডি ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘বিএনপিকে সামনে রেখে জামায়াতের কাঁধে ভর করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ঐক্যজোটের পরিকল্পনা করা হচ্ছে’। তিনি ০২ অক্টোবর বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত দেখা দিয়েছে। বিগত দিনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছেন তারা এখন এক হয়েছে। ১৯৭১ সালে যে জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের বিরোধীতা করেছিল তাদের নিয়েই এখন ঐক্যজোট সহ কত জোট করার পরিকল্পনা চলছে।
তিনি আরও বলেন, এই স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে কখনও ক্ষমতা থেকে নামাতে পারেনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে ক্ষমতা থেকে নামিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ দেশের মাটিতে আর কখনও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এ দেশের জনগণই আপনাদের প্রতিহত করবে।
মন্ত্রী মঙ্গলবার সকাল ১১টা চান্দিনায় পৌঁছে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে বিকেলে দোল্লাই নবাবপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করেন। এরপর উপজেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি, প্রধান বক্তার বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই পরিচালক হেলেনা জাহাঙ্গীর, দুবাই আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, চাঁদপুরের কচুয়া পৌর মেয়র নাজমূল আলম স্বপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper