সিলেট নিউজ বিডি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দিনব্যাপী পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি বলে জানিয়েছেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমদ।
শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে এ বছর ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রেকর্ড সংখ্যক আবেদনে এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর উপস্থিতি সন্তোষজনক ছিল।’ সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, ‘এ বছরের ভর্তি পরীক্ষা আমাদের কাছে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়েছি।’
শনিবার নগরীর সর্বমোট ৩৫টি কেন্দ্রে এ ইউনিট এবং ৫৩টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় ১৭০৩ টি আসনের জন্য ৭৬ হাজার ১৮২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
সদস্যসচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, ‘দু-একদিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।’
ফলাফল জানতে SUST space STATUS space Roll No লিখে ১৬২৪২ এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
Sylhetnewsbd Online News Paper