সিলেট নিউজ বিডি ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দলটিকেন ধবলধোলাই এর সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে নামবে মাশরাফি বাহিনী।
জিম্বাবুয়েকে এর আগে তিনবার ধবলধোলাই দিয়েছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচ ম্যাচের সিরিজে দুটি ও তিন ম্যাচের সিরিজ রয়েছে একটি। তাই এই ম্যাচ জিতলে দলটিকে চতুর্থবারের মতো হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে টাইগাররা।
মাশরাফি অবশ্য জিম্বাবুয়েকেও খাটো করে দেখছেন না। সাকিব-তামিমকে ছাড়া খেলায় এ সাফল্যের পেছনে আত্মবিশ্বাসই মূল শক্তি হিসেবে কাজ করেছে বলে মনে করছেন তিনি। এখন সেভাবেই সিরিজটা শেষ করতে চান বাংলাদেশ দলপতি।
মাশরাফি বলেন, ওরা যে অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে এসেছে আমাদের সাকিব-তামিম ছাড়া অবশ্যই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হওয়ার কথা ছিল। আমাদেরও তো দুইজন সেরা খেলোয়াড় নেই। হয়তো এশিয়া কাপে দারুণ খেলা ও টুর্নামেন্টের পর খুব দ্রুতই মাঠে নামার কারণে রেশটা থেকে গিয়েছে। সবাই নামছে এবং খেলছে স্বাভাবিকভাবে। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি।
এ আত্মবিশ্বাসে ভর করেই এখন শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সুযোগ নিতে চান মাশরাফি। কারণ এই সিরিজটি আগামী বছর বিশ্বকাপকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ ছিল।
সিরিজে ভালো সুযোগ তৈরি করেছিলো জিম্বাবুয়ে। কিন্তু নিজেদের ভুলেই সুযোগগুলো হাতছাড়া করেছে দল বলে মনে করেন মাসাকাদজা। তিনি বলেন, ‘এই সিরিজটি আমরা টার্গেট করেছিলাম। আমার মতে আমাদের বেশ ভালো সুযোগ ছিলো। দুই ওয়ানডেতে আমরা ভালো অবস্থায় ছিলাম। কিন্তু ভালো অবস্থান ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার, আরিফুল হক, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, সলোমন মির, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, সিন উইলিয়ামস ও চেপাস জুয়াও।
Sylhetnewsbd Online News Paper