সিলেট নিউজ বিডি ডেস্ক: সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকদের ধর্মঘটের সময় মানুষের মুখে কালি মাখানোকে অমানবিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মুখে কালি মাখানোয় জড়িত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করা হবে। গতকাল মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, শ্রমিকদের ধর্মঘট চলাকালীন তারা (শ্রমিকরা) জঘন্য কাজ করেছেন। আমাদের ছেলে-মেয়েদের কালি মেখে দিয়েছে। আমি মনে করি তারা এই জঘন্য কাজটি করে মনুষ্যত্বের পরিচয় দেননি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আন্দোলনের নামে রাস্তায় যারা মানুষ হয়রানি করেছে, যারা অন্যের মুখে কালি মেখেছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে। তাদের নামে মামলা হবে।
উল্লেখ্য, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিক ফেডারেশন রবি ও সোমবার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চালক, স্কুল শিক্ষার্থী ও পথচারীদের মুখে পোড়া মবিল মাখিয়ে দেন শ্রমিকরা।
Sylhetnewsbd Online News Paper