সিলেট নিউজ বিডি ডেস্ক: পোল্যান্ডে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ন্যায্য হিস্যা দেয়ার দাবি জানাবে। সোমবার থেকে পোল্যান্ডের কেটোউইস শহরে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন সিওপি-২৪। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এএফপি, সিএনএন, বাসস।
বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রের পানির স্তর বাড়ার ফলে বন্যা এবং ভয়াবহ খরায় বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশ, হন্ডুরাস ও নাইজেরিয়ার মতো দেশগুলোর প্রেসিডেন্ট এই সিওপি ২৪ শীর্ষ সম্মেলনের যোগ দিচ্ছেন বলে আশা করা হচ্ছে। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবের পর্যালোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর বার্তা
প্যারিস জলবায়ু সম্মেলনে অংশগ্রণকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখতে সম্মত হয়।
প্রায় ২শ’ দেশের প্রতিনিধিরা দুই সপ্তাহে কিভাবে ওই লক্ষ্যমাত্রাগুলো পারস্পারিক সমঝোতার মাধ্যমে বাস্তবায়ন করা যাবে তা চূড়ান্ত করবে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের গতির চেয়ে মানুষের গৃহীত পদক্ষেপগুলো অনেক ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে। কারণ বিভিন্ন দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ইস্যুতে বিরোধ রয়েছে।
প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলো যেন তাদের অর্থনীতিকে পরিবেশবান্ধব করতে পারে সেজন্য ধনীদেশগুলোকে তহবিল প্রদান করতে বলা হয়েছিল। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য ধনীদেশগুলোই মূলত দায়ী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসেন।
Sylhetnewsbd Online News Paper