নাটকীয় ড্র’তে গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্ন

সিলেট নিউজ বিডি ডেস্ক: আয়াক্সের বিপক্ষে নাটকীয় ড্র’তে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে দুই লাল কার্ডের ম্যাচে আয়াক্সের সঙ্গে বায়ার্নের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। এতে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। অপরদিকে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আয়াক্স।

লেভানডোস্কির গোলে মাত্র ১৩ মিনিটেই বায়ার্ন এগিয়ে যায়। ৬১ মিনিটে দুশান টেডিক ম্যাচে সমতা ফেরান। খেলার ৬৭ মিনিটে মিনিটে আয়াক্সের ম্যাক্সিমিলিয়ন ওবারকে লালকার্ড দেখে বাইরে পাঠিয়ে দেন। বায়ার্নের একজনকে লাথি মেরে মাঠের বাইরে ফেলে দেয়ায় লাল কার্ড পান তিনি।

আয়াক্স ১০ জনের দলে পরিণত হওয়ার ৮ মিনিটের মধ্যে লালকার্ড পান মুলারও। উঁচু বলে হেড নিতে গিয়েছিলেন নিকোলাস টেগলিফিকো। দূর থেকে উড়ন্ত কিকে সেই বল মারতে গিয়ে টেগলিফিকোর মাথায় লাথি মারেন মুলার। পরে তাকেও লাল কার্ড দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি।

এরপর দু’দল একটি করে পেনাল্টি পায়। ৮২ মিনিটে টেডিং পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন আয়াক্সকে। এর পাঁচ মিনিটের মধ্যে আরেক পেনাল্টি থেকে লেভানডোস্কি গোল করে সমতা ফেরান। এরপর খেলার শেষ মিনিটে কিংসলে কোম্যান আরেক গোল করে ফের বায়ার্নকে এগিয়ে নেন। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টেগলিফিকোর গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে আয়াক্স।