সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেছেন, তিনি ইমরান খান নন। দাতব্য কাজ ও খেলাধুলার উন্নয়ন করাই তার লক্ষ্য। বার্তা সংস্থা এএফপির সঙ্গে সাক্ষাৎকারে এসব বলেন তিনি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
চলতি মাসের ৩০ তারিখে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মাশরাফি। আওয়ামী লীগের টিকিটে নড়াইল-১ আসন থেকে নির্বাচন করছেন তিনি।
রাজনীতিতে আসা নিয়ে মাশরাফি বলেন, ‘ইমরান খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী) যে পর্যায়ে পৌঁছেছে চাইলেও সবাই তত দূর যেতে পারে না। আমার ইচ্ছা ক্রিকেটের জন্য কিছু করা। কারণ আমি একজন খেলোয়াড়, আমার ইচ্ছা এতটুকুই। আমি নিজ এলাকার মানুষের জন্যও কাজ করতে চাই।’
‘নড়াইল এক্সপ্রেস’ নামে মাশরাফি একটি দাতব্য সংস্থা খুলেছেন। তার সংস্থাটি ইতিমধ্যে নড়াইলের কয়েকটি হাসপাতালে অ্যাম্বুলেন্স দিয়েছে। কৃষকদেরকে উচ্চ ফলনশীল জাতের ধানবীজও দিয়েছে এটি।নির্বাচন করলেও বর্তমানে খেলার মাঠে আছেন মাশরাফি। ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।
মাশরাফি এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ২০০৯ সাল থেকে কোন টেস্ট ম্যাচেও অংশ নেননি মাশরাফি।
বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিল আল হাসানের মতো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করেছেন মাশরাফি। তবে মাঠে মরণপণ চেষ্টা, সাতটি অপারেশন নিয়েও খেলা চালিয়ে যাওয়া এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে গেছে ‘ম্যাশ’কে।
এক সময় খুড়িয়ে খুড়িয়ে চলা বাংলাদেশ দলকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার কারণেও সবার প্রশংসা কুড়িয়েছেন মাশরাফি।
Sylhetnewsbd Online News Paper