সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ইশতেহার ঘোষণা করছেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা শুরু হয়।
লিখিত ইশতেহার পাঠের আগে বক্তব্য দিচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
বক্তৃতায় তিনি বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে জয়ী হলে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া হবে।
জাতীয় ঐক্য গড়া, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা বিধানসহ ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন ড. কামাল হোসেন।
এসব প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে- নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে এবং সব নাগরিককে স্বাস্থ্যকার্ড দেয়া হবে।
বেলা ১১টা ১৫ মিনিটে ইশতেহার ঘোষণার মঞ্চে উঠেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এরপর শুরু হয় ইশতেহার ঘোষণা।
এর আগে জোটের পক্ষ থেকে প্রথম দফায় নভেম্বরের শেষ সপ্তাহে এবং ডিসেম্বরের ৮ তারিখে ইশতেহার ঘোষণার কথা বললেও পরে তা স্থগিত করা হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু প্রমুখ ও ড. রেজা কিবরিয়া প্রমুখ।
ইশতেহার তৈরির জন্য ঐক্যফ্রন্ট ৬ সদস্যের একটি কমিটি করে দেয়। কমিটিতে বিএনপি থেকে সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাখা হয়।
Sylhetnewsbd Online News Paper