সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই: নজরুল

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেওয়া হয়েছে। জামায়াত তাদের মনোনীত করেনি, বিএনপি মনোনীত করেছে।

নির্বাচন ভবনে শনিবার একটি প্রতিনিধি দল নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর কিছু দাবি জানানোর পর সাংবাদিকদের এমন কথা বলেন।

বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামায়াতের নেতাদের পদ-পদবি তাদের দলীয় ওয়েবসাইটে উল্লেখ আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারা শুধু ধানের শীষের প্রতীক নয়, তারা বিএনপির মনোনীত প্রার্থী। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচন করছেন তারা। বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেওয়া হয়েছে। জামায়াত তাদের মনোনীত করেনি, বিএনপি মনোনীত করেছে। তাই সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে পদ-পদবি থাকুক। আপনারাও যদি আমাদের কাছে মনোনয়ন চান, আমরা দিতে পারি। কোনো ওয়েবসাইটে আপনার নাম কীভাবে আছে সেটা পরের ব্যাপার। আমরা আইনের মাধ্যমে দিতে পারি কি-না সেটা হলো বিষয়। জামায়াত কোনো নিবন্ধিত দল নয়। কারা কারা জামায়াত করে সেই তালিকাও আমাদের কাছে নাই। আমরা যাদের মনোনয়ন দিয়েছি, তারা আমাদের দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, এরা যদি অবৈধ হতো তাহলে নির্বাচন কমিশন আগেই বলতো- তাদের প্রার্থিতা অবৈধ। তাদের যদি প্রতীক দেওয়া বেআইনি হতো, যখন প্রতীক বরাদ্দ করা হয়, তখন নির্বাচন কমিশন কেন প্রতীক বরাদ্দ করলো? আওয়ামী লীগ সবসময় বলে নির্বাচন কমিশন যা করে তাই আমরা মেনে নেবো, বাধা সৃষ্টি করবো না। এখন কেন আওয়ামী লীগ ইসির কাজে পদে পদে বাধা সৃষ্টি করছে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিজনকান্তি সরকার, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের ২২ নেতার প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে তরিকত ফেডারেশন। একই ভাবে তাই জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও ঘাতক দলাল নির্মূল কমিটি, গৌরব ৭১ এবং শহীদদের সন্তানদের গড়া সংগঠন প্রজন্ম ৭১ একই দাবি জানিয়েছে।