সিলেট নিউজ বিডি ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মের ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র চারদিন বাকি রয়েছে। আমি আশা করছি যে, দলমত নির্বিশেষে আপনারা সবাই নির্বাচনের দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’
রাষ্ট্রপ্রধান আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের প্রতি শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানম বঙ্গভবনে এ সংবর্ধনার আয়োজন করেন। এখানে আলোকসজ্জাসহ একটি খ্রিসমাস ট্রি স্থাপন করা হয়। কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, ডিপলোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচেরি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিগণ, খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পীরা সমবেত কণ্ঠে ক্রিসমাস ক্যারোল পরিবেশন করেন। পরে রাষ্ট্রপতি খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একটি ক্রিসমাস কেক কাটেন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
Sylhetnewsbd Online News Paper