সোমবার নতুন মন্ত্রিসভার শপথ

সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী সোমবার নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এ শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়া আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান শেখ হাসিনা।

এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ।

সোমবার বিকাল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করবেন নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এবার সরকার গঠন করে টানা তৃতীয় মেয়াদসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের আস্থাভাজন হিসেবে ইতিমধ্যে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত করা হয়। এরপর বিকাল ৪টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে বিষয়টি তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। এ সময়ে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান। রাষ্ট্রপতি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে জনগণ মুক্তিযুদ্ধের চেতনার এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে রায় দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সার্বিক সাফল্য কামনা করেন।

১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে জিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাঝের ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তিনি হন বিরোধীদলীয় নেতা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর ৬ জানুয়ারিতে দ্বিতীয় দফা এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি তৃতীয় দফা সরকার গঠন করেন তিনি। গতকাল বিকালে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শেখ হাসিনার সঙ্গে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাত্। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন তিনি। এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে। এই বিপুল বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা। এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছিল সেই বছরের ১২ জানুয়ারি। সংসদের অধিবেশন বসেছিল ২৯ জানুয়ারি। এই বিষয়গুলো বিবেচনায় রেখে এবারও সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করেই সরকার গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দশম জাতীয় সংসদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ৪৮ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। পরে কয়েক দফা রদবদল এনে শেষ পর্যন্ত মন্ত্রিসভার আকার দাঁড়ায় ৫৩ সদস্যের। গতকাল বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে আওয়ামী লীগ ও মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ পাঠ করান।